আফগানিস্তানে নারীদের বাইরে যেতে পুরো শরীর বোরকায় ঢাকা বাধ্যতামূলক করে তালেবানের জারি করা আদেশে উদ্বেগ প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। এক টুইটার পোস্টে এই উদ্বেগ জানান পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী। খবর এএনআইয়ের।
সেই টুইট বার্তায় তিনি বলেন, তালেবানরা আফগানিস্তানের সমস্ত জনজীবন থেকে নারীদের বাদ দিয়ে দিতে চাইছে। তাদের পরিবারের পুরুষ সদস্য ছাড়া ভ্রমণ করার ক্ষমতা অস্বীকার করা, তাদের মুখ এবং শরীর সম্পূর্ণরূপে ঢেকে রাখতে বাধ্য করার মাধ্যমে তারা চাইছে মেয়েদের স্কুল এবং নারীদের কাজের বাইরে রাখতে।
আফগানিস্তানের ধর্ম প্রচার ও অধর্ম প্রতিরোধ মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে আখুন্দজাদার আদেশটি পড়ে শোনান।
আফগানিস্তানের সর্বোচ্চ নেতা ও তালেবানপ্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদার গত শনিবার জারি করা আদেশে বলা হয়, নারীদের উচিত মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত ঢেকে থাকা বোরকা পরা। নারীদের বাইরে যদি জরুরি কাজ না থাকে তবে বাড়িতে অবস্থান করাই ভালো। কোনো নারী এ নির্দেশনা না মানলে তার বাবা কিংবা নিকটতম পুরুষ আত্মীয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।
লাখ লাখ নারী ও মেয়েদের মানবাধিকার লঙ্ঘনের জন্য তালেবানদের জবাবদিহি নিশ্চিত করতে বিশ্ব নেতাদের সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মালালা।
আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর বারবার যে বিষয়টি সামনে আসছে তা হলো নারী অধিকার। কট্টোর এ গোষ্ঠীটির নানা পদক্ষেপে আফগান নারীদের জীবনে অন্ধকার নেমে এসেছে বলে মনে করছেন অনেকে। গত বছরের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানের বিরুদ্ধে রাজপথে নামেন নারীরা। নিজেদের অধিকার আদায়ে এখনো সোচ্চার তারা।
0 Comments