আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই : শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ২৫ তারিখে পদ্মা সেতু উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন বাংলাদেশ কারো পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ায় না। বাংলাদেশ নিজের পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুন) নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শ্রমজীবী মানুষের মাঝে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে টি-শার্ট বিতরণ করার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, ‘আপনাদের সবাইকে মেসেজ দিতে চাই। আমরা যারা মোটামুটি সচ্ছল, আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। যাদের বন্যায় সব কিছু চলে গেছে, আপনারা যাদের সামর্থ্য আছে আসুন আমরা তাদের পাশে দাঁড়াই। ’
তিনি আরো বলেন, পদ্মা সেতু আমাদের গৌরব। এটা সমস্ত অপশক্তির বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার বিজয়।
এ সময় জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেন, আমরা একটা বড় অর্জনের দিকে যাচ্ছি। এই আনন্দ শুধু আমার না। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ প্রত্যেকে যেন এ আনন্দ উপভোগ করতে পারে এবং আমাদের প্রধানমন্ত্রীর অর্জন সম্পর্কে জানতে পারে সে কারণেই সাধারণ মানুষের মাঝে পদ্মা সেতুর ছবি সংবলিত টি-শার্ট বিতরণ করছি।
0 Comments