রংপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
দীর্ঘ ১৮ বছর পর রংপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার দায়ের করা মামলায় রায় দিয়েছেন আদালত। রংপুরের পীরগঞ্জে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক এম আলী আহাম্মেদ এ রায় দেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্তিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ১ সেপ্টেম্বর রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে অপহরণ করে আসামি একরামুল হক ও আবুল কালাম আজাদ। পরে ওই গৃহবধূকে ধর্ষণ করে একটি নির্জন জায়গায় ফেলে রেখে যায় তারা। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী এসআই ইকবাল বাহার দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে আদালতে ১২ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘ ১৮ বছর ধরে মামলা চলার পর অবশেষে বিজ্ঞ বিচারক আসামি একরামুল হক ও আবুল কালাম আজাদকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন এবং অপহরণের অভিযোগে ১৪ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায়ের পর আসামিদের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি তাইবুর রহমান লাইজু এবং এপিপি মাকজিয়া হাসান দীবা। তারা জানান, দেরিতে হলেও জঘন্য ঘটনার ন্যায় বিচার পেয়েছে বিচারপ্রার্থীরা।
0 Comments