টাকা নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লার দেবিদ্বারে টাকা নিয়ে বিরোধে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দেবিদ্বার পৌর এলাকার উত্তর ভিংলাবাড়ি গ্রামের হাশেম ব্যাপারি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর।
নিহতের নাম জাহাঙ্গীর আলম (৩২)। তিনি মৃত আবুল হাশেম ব্যাপারির ছেলে।
জাহাঙ্গীর পাশের মুরাদনগরের কোম্পানীগঞ্জ সাফল্য সমবায় সমিতি নামে একটি এনজিওতে চাকরি করতেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই আলমগীর হোসেন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা ও পুলিশ জানায়, নিহত জাহাঙ্গীর আলমের বাবা আবুল হাশেম ব্যাপারি কোম্পানীগঞ্জ বাজারে পেয়াজের ব্যবসা করতেন। তিনি জীবিত থাকা অবস্থায় একই বাজারের ব্যবসায়ী আবদুর রহিমের কাছে সাড়ে ৫ লাখ টাকা পাওনা ছিলেন। গত প্রায় ৮ মাস আগে আবুল হাশেম মারা যাওয়ার পূর্বে পাওনা সাড়ে ৫ লাখ টাকা তার দুই ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য আবদুর রহিমকে বলে যান। সম্প্রতি বড় ছেলে আলমগীর হোসেন টাকা পরিশোধের নির্দিষ্ট সময়ের আগেই আবদুর রহিমের কাছ থেকে ৫০ হাজার টাকা অগ্রিম নিয়ে আসেন। এ খবর পেয়ে ছোট ভাই জাহাঙ্গীর বড় ভাই আলমগীরের কাছে ৫০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা তাকে দিতে চাপ দেন। ওই ২০ হাজার টাকা নিয়ে গত দুইদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে বাকবিতণ্ডা চলে আসছিল।
সবশেষ বৃহস্পতিবার দুপুরে বড় ভাইয়ের কাছে ফের ২০ হাজার টাকা দিতে চাপ প্রয়োগ করেন করেন ছোট ভাই জাহাঙ্গীর আলম। এ সময় আলমগীর হোসেন টাকা দিতে অস্বীকৃতি জানালে এনিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই আলমগীর হোসেন ঘর থেকে ছুরি এনে ছোট ভাই জাহাঙ্গীর আলমের পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি কমল কৃষ্ণ ধর বলেন, ঘটনাটি সবার সামনেই ঘটেছে। স্থানীয়রা আমাকে জানালে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বড় ভাই আলমগীর হোসেন পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
0 Comments