কন্নড় চিত্রনায়ক সতীশকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা
ভারতের কন্নড় সিনেমার নায়ক সতীশ বজরা খুন হয়েছেন। আরআর নগরের বাড়িতে রক্তাক্ত অবস্থায় তাঁর মৃতদেহ পাওয়া গেছে। স্ত্রীর আত্মহত্যার সাত মাস পর নিজ বাসায় খুন হলেন তিনি। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শনিবার সকালে বেঙ্গালুরুর আরআর নগরের নিজ বাসায় খুন হন ‘লাগোরি’ খ্যাত এই অভিনেতা। পুলিশ ধারণা করছে, ছুরিকাঘাতে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় ইতিমধ্যে দুজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন এই অভিনেতার শ্যালক। ধারণা করা হচ্ছে, দুজনই সতীশের ঘরে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে যান।
এই অভিনেতার বাসা থেকে ভবনের মালিক প্রথমে রক্ত বের হতে দেখেন। সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে বাড়ির মালিক থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই আরআর নগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সতীশের মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে।
দুই পরিবারের ইচ্ছার বিরুদ্ধে স্ত্রীকে বিয়ে করেন সতীশ বজরা। পারিবারিক কলহের কারণে তিন মাস আগে তাঁর স্ত্রী আত্মহত্যা করেছিলেন। স্ত্রীর আত্মহত্যার পর তাঁর পরিবার সতীশের দিকেই অভিযোগের আঙুল তুলেছিল। তাদের অভিযোগ ছিল, বিয়ের পর সতীশ তাঁর স্ত্রীকে নানাভাবে নির্যাতন করতেন। সেই প্রতিশোধ নিতে স্ত্রীর ভাই সতীশকে খুন করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ বর্তমানে প্রয়াত অভিনেতার শ্যালক ও আত্মীয়দের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
0 Comments